CNBTV নিউজ ডেস্ক : নভেম্বরের শেষ হতে চললো এখনো পর্যন্ত সেভাবে শীতের দেখা নেই ৷ শীত এখনো জাঁকিয়ে না পড়ায় সমস্যায় জয়নগরের মোয়া ব্যবসায়ীরা। মোয়া তৈরির কাঁচামালের জোগান নেই ৷ মাস শেষ শীতের দেখা না মেলায় ভালো গুড় এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছেনা বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা ৷ তবে আদের আশা আগামী সপ্তাহ থেকে শীত আরও বাড়বে তারপর পরিস্থিতির পরিবর্তন হবে বলে মনে করছেন তারা৷
শীতকাল এলেই নানান লোভনীয় খাবারের সম্ভার দেখা যায় বাংলায় ৷ পিঠে-পুলি থেকে আরম্ভ করে গুড়, পাটালি, শীতকালীন নানান শাক-সবজি ও জয়নগরের মোয়া বাঙালীর কাছে অত্যন্ত প্রিয় ৷ জয়নগরের মোয়ার খ্যাতি বাংলা ছাড়িয়ে ভিনরাজ্য এমনকি বিদেশেও পাড়ি দেয় ৷ রাজ্যে হালকা শীতের আমেজ দেখা দিতেই মোয়া ব্যবসায়ীরা তাদের দোকান সাজিয়ে বসেছেন ৷ জয়নগর, বহড়ু, দক্ষিণ বারাশাত ছাড়িয়ে কলকাতা ও শহর লাগোয়া বাইপাস অঞ্চলেও মোয়া ব্যবসায়ীরা তাদের দোকান সাজিয়ে বসেছেন ৷ তবে বেশীরভাগ জায়গাতেই এখনো পর্যন্ত মোয়ার দেখা নেই ৷ আরও একটু জাঁকিয়ে শীতের অপেক্ষায় মোয়া ব্যবসায়ীরা ৷ পাশাপাশি মোয়া তৈরির জন্য খই, ঘি, কাজু, এলাচ সহ সমস্ত কাঁচামালেরই দামবৄদ্ধি পেয়েছে ৷ এক্ষেত্রে এবার মোয়া তৈরির খরচ খানিকটা বাড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

