সোমনাথ বটব্যাল হুগলি: আসন্ন দীপাবলির আগে অবৈধভাবে শব্দবাজি মজুত ও বিক্রি রুখতে আরো একবার তৎপর হল হুগলি গ্রামীন জেলা পুলিশের জাঙ্গিপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ নাজির উদ্দিন আলীর নির্দেশে পুলিশ গত শনিবার রাজবল্লভাট-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজবল্লভাট বাজার এবং ফরফুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিহরপুর গ্রামে একযোগে অভিযান চালায়।
আর এই অভিযানে অবৈধ বাজির সাথে যুক্ত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয় বিশ্বজিৎ ধাড়া (বয়স ৪৫) ও সেখ সাজাহান (বয়স ৩০)। তাদের কাছ থেকে মোট ১১০ কিলোগ্রাম বিভিন্ন ধরনের শব্দ উৎপাদক আতসবাজি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় দুটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে এবং গ্রেফতার হওয়া দুজনকে শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। অবৈধ বাজি রোধে পুলিশের এই ভূমিকায় খুশি জাঙ্গিপাড়ার এলাকাবাসী।

